ভালো prompt-এর চার অংশ: ভূমিকা, কাজ, প্রেক্ষাপট, ফরম্যাট

ভালো prompt-এর চার অংশ: ভূমিকা, কাজ, প্রেক্ষাপট, ফরম্যাট

Prompt লেখাশুরুর স্তর২ মিনিটEnglish

যা লাগবে: ChatGPT (chatgpt.com)

AI-কে আপনি যা লেখেন, সেটাই prompt। Google-এর prompt লেখার গাইড বলছে, তাদের ব্যবহারকারীদের সবচেয়ে কাজের prompt গড়ে ২১ শব্দের মতো, অথচ মানুষ সাধারণত লেখে নয় শব্দেরও কম। এই লেখায় একই প্রশ্ন দুইভাবে করব, তারপর দেখব পার্থক্যটা কোথায়।

ধাপ ১: আগে এক লাইনে জিজ্ঞেস করুন

দুর্বল prompt
কক্সবাজার ভ্রমণের একটা পরিকল্পনা দিন।
  1. সবার জন্য একই রকম সাধারণ উত্তর

উত্তরটা খারাপ নয়, কিন্তু সবার জন্য একই। কয়জন যাবেন, বাচ্চা আছে কিনা, বাজেট কত, ChatGPT কিছুই জানে না। তাই খরচ লিখেছে “জনপ্রতি ৳৮,০০০–১৫,০০০”, যা আপনার পরিবারের কোনো কাজে লাগে না।

ধাপ ২: চার অংশে লিখুন

Google-এর গাইডে ভালো prompt-এর চারটা অংশ:

  1. ভূমিকা (Persona): AI কার মতো করে ভাববে। “আপনি একজন অভিজ্ঞ ভ্রমণ পরিকল্পনাকারী।”
  2. কাজ (Task): ঠিক কী বানাতে হবে। “কক্সবাজারে ৩ দিনের ভ্রমণ পরিকল্পনা বানান।”
  3. প্রেক্ষাপট (Context): আপনার অবস্থা, যা AI জানে না। কয়জন, বাচ্চাদের বয়স, কীভাবে যাবেন, কবে, বাজেট, কী সমস্যা।
  4. ফরম্যাট (Format): উত্তর দেখতে কেমন হবে। “একটা ছকে: দিন, সকাল, দুপুর, সন্ধ্যা, আনুমানিক খরচ।”

সব মিলিয়ে:

চার অংশের prompt
আপনি একজন অভিজ্ঞ ভ্রমণ পরিকল্পনাকারী। আমাদের পরিবারের জন্য কক্সবাজারে ৩ দিনের ভ্রমণ পরিকল্পনা বানান। আমরা ৪ জন: মা-বাবা আর ৬ ও ১০ বছরের দুই সন্তান। ঢাকা থেকে বাসে যাব, ডিসেম্বরে। বাস ভাড়া বাদে বাজেট ২৫,০০০ টাকা। বাচ্চারা বেশি হাঁটতে পারে না। উত্তর দিন একটা ছকে: দিন, সকাল, দুপুর, সন্ধ্যা, আনুমানিক খরচ।
  1. ভূমিকা, কাজ, প্রেক্ষাপট আর ফরম্যাট: চারটাই আছে

ধাপ ৩: উত্তর মিলিয়ে দেখুন

এবার উত্তর আমাদের মাপে। শুরুতেই ChatGPT আমাদের অবস্থা আবার লিখেছে (৪ জন, ডিসেম্বর, ২৫,০০০ টাকা), তারপর চাওয়া ছক। বাচ্চারা বেশি হাঁটতে পারে না বলে রিকশা আর অটোরিকশার কথা এসেছে।

  1. আমাদের তথ্য আর চাওয়া ছক, দুটোই আছে

ধাপ ৪: পুরোটা আবার না লিখে এক জায়গা বদলান

ধরুন দ্বিতীয় দিনের সন্ধ্যা আপনার পছন্দ হয়নি। পুরো prompt আবার লিখতে হবে না। একই কথোপকথনে শুধু বদলটা বলুন, আর বলে দিন বাকিটা যেন না বদলায়:

পরের অনুরোধ
দ্বিতীয় দিনের সন্ধ্যা বদলে দিন: বাচ্চারা তাড়াতাড়ি ঘুমায়, তাই সন্ধ্যা ৭টার মধ্যে হোটেলে ফিরতে চাই। বাকি ছক আগের মতো রাখুন।
  1. বদলানো ছক: দ্বিতীয় দিনে বিকেলেই হোটেলে ফেরা

ধাপ ৫: হিসাব নিজে যোগ করুন

আমাদের পরীক্ষায় একটা জিনিস চোখে পড়ল। নতুন উত্তরের ছকে তিন দিনের খরচ ৳৬,০০০ + ৳৫,০০০ + ৳৩,০০০ = ৳১৪,০০০। কিন্তু তার নিচের বাজেটের হিসাবে সর্বমোট ৳২৫,০০০, যার মধ্যে ৳৭,০০০ “জরুরি খরচের জন্য” আলাদা রাখা। জরুরি খরচ বাদ দিলেও থাকে ৳১৮,০০০, ছকের সাথে মেলে না। অথচ একই পরীক্ষা ইংরেজিতে চালালে হিসাব মিলেছিল। একই ধরনের prompt-এ প্রতিবার আলাদা উত্তর আসতে পারে।

AI সুন্দর ছক বানায়, কিন্তু যোগ-বিয়োগ সবসময় ঠিক হয় না। আর হোটেল ভাড়ার মতো দামগুলো তার আন্দাজ, আজকের আসল দাম নয়। তাই:

  • সংখ্যা থাকলে নিজে একবার যোগ করুন, অথবা লিখুন “হিসাবটা আবার মিলিয়ে দেখুন, কোথায় পার্থক্য বলুন”।
  • হোটেল আর বাসের দাম বুকিংয়ের সাইটে বা ফোন করে জেনে নিন।

মূল উৎস

  • Google, Prompting guide 101 (Gemini for Google Workspace, অক্টোবর ২০২৪): চার অংশ (Persona, Task, Context, Format) আর ২১ শব্দের হিসাব।
  • OpenAI Help Center, Prompt engineering best practices for ChatGPT: পরিষ্কার ও নির্দিষ্ট হওয়া, আর উত্তর দেখে বারবার ঠিক করা।
  • Anthropic, Prompting best practices: নির্দেশের কারণ বলা আর উদাহরণ দেওয়া।

স্ক্রিনশট ও ধাপ যাচাই করা হয়েছে: । AI-এর উত্তর ভুল হতে পারে। টাকা, স্বাস্থ্য, আইন বা পরীক্ষার মতো জরুরি বিষয়ে সবসময় মূল উৎস বা বিশেষজ্ঞের সাথে মিলিয়ে নিন। নিজের পাসওয়ার্ড, পিন, এনআইডি বা ব্যাংকের তথ্য কোনো AI-কে দেবেন না।

পরের লেখা
শিক্ষার্থীদের জন্য AIAI দিয়ে পড়া: উত্তর নয়, প্রশ্ন চান