
ChatGPT দিয়ে প্রথম কাজ: ৫ মিনিটে ছুটির ইমেইল
যা লাগবে: ChatGPT (chatgpt.com), ফোন বা কম্পিউটারের ব্রাউজার
AI শেখার সবচেয়ে ভালো উপায় হলো একটা আসল কাজ দিয়ে শুরু করা। এই লেখায় আমরা ChatGPT দিয়ে অফিসের ম্যানেজারকে একটা ছুটির ইমেইল লিখব। অ্যাকাউন্ট খোলার দরকার নেই, ফোনের ব্রাউজারেই হবে। সময় লাগবে পাঁচ মিনিটের মতো।
ধাপ ১: ChatGPT খুলুন
ফোনের ব্রাউজারে লিখুন chatgpt.com। লগইন ছাড়াই এই পাতাটা আসবে। নিচের বক্সেই আপনার অনুরোধ লিখবেন।
- ১এখানে আপনার অনুরোধ লিখবেন
ধাপ ২: আগে গোপনীয়তার সেটিং ঠিক করুন
ChatGPT-তে যা লেখেন, OpenAI সেটা তাদের মডেল উন্নত করতে ব্যবহার করতে পারে। এটা বন্ধ করা যায়, লগইন না করলেও। OpenAI-এর সাহায্য পাতা বলছে, লগইন ছাড়া এই সেটিং বন্ধ করলে সেটা ওই ব্রাউজারে মনে রাখা হয়।
বাঁ দিকের উপরের মেনু বোতাম চাপুন। মেনুর একদম নিচে সেটিংসের চাকা।
- ১সেটিংস (Settings) চাপুন
- ১Data controls চাপুন
এখানে প্রথম সুইচটা হলো Improve the model for everyone। এটা বন্ধ করুন। বন্ধ হলে সুইচটা সাদা দেখাবে, যেমন ছবিতে।
- ১Improve the model for everyone বন্ধ করুন
এই পাতায় বিজ্ঞাপন নিয়েও কয়েকটা সুইচ আছে (Personalize ads ইত্যাদি)। চাইলে সেগুলোও বন্ধ করতে পারেন। এবার বাঁ দিকের উপরের তীর চিহ্ন চেপে আগের পাতায় ফিরুন।
ধাপ ৩: কাজটা পরিষ্কার করে লিখুন
AI আপনার মনের কথা জানে না। তাই পাঁচটা জিনিস লিখে দিন: কাকে লিখছেন, কী চান, কবে, কেন, আর ভাষা কেমন হবে। নিচের লেখাটা কপি করে বক্সে দিতে পারেন, নিজের মতো বদলে নিন:
আমার অফিসের ম্যানেজারকে একটা ছোট ইমেইল লিখে দিন। আমি আগামী বৃহস্পতিবার এক দিনের ছুটি চাই, কারণ পারিবারিক অনুষ্ঠান আছে। ভাষা হবে ভদ্র ও আনুষ্ঠানিক, পাঁচ লাইনের মধ্যে। লিখবেন যে বুধবারের মধ্যে আমার হাতের কাজ শেষ করে যাব।- ১আপনার অনুরোধ এখানে
- ২পাঠাতে এই তীর বোতাম চাপুন
ধাপ ৪: উত্তর পড়ুন, ফাঁকা জায়গা পূরণ করুন
কয়েক সেকেন্ডে ইমেইলটা চলে আসবে, বিষয়ের লাইনসহ। লক্ষ করুন, শেষে লেখা আছে [আপনার নাম]। বন্ধনীর ভেতরের এসব জায়গা আপনাকেই পূরণ করতে হবে। “মাননীয় স্যার/ম্যাডাম”-এর জায়গায় ম্যানেজারের নাম দিতে পারেন।
- ১ChatGPT-এর লেখা ইমেইল। শেষে [আপনার নাম] পূরণ করতে হবে
ধাপ ৫: পছন্দ না হলে বদলাতে বলুন
প্রথম উত্তরই শেষ উত্তর নয়। একই কথোপকথনে লিখুন কী বদলাতে চান। আগের কথা ChatGPT মনে রাখে, তাই পুরো অনুরোধ আবার লিখতে হবে না।
আরেকটু ছোট করুন, আর ইমেইলের বিষয়ের লাইন বাংলায় দিন।- ১ছোট করা নতুন ইমেইল
চাইলে আরও বলতে পারেন: “আরেকটু নরম করুন”, “ইংরেজিতে লিখুন”, “শুরুতে সালাম দিন”।
ধাপ ৬: কপি করে পাঠান
উত্তরের নিচের কপি বোতাম চাপলে পুরো লেখাটা কপি হয়ে যায়। তারপর Gmail বা অফিসের ইমেইলে পেস্ট করুন।
- ১কপি বোতাম
পাঠানোর আগে নিজে একবার পড়ুন: নাম, তারিখ আর দিন ঠিক আছে কিনা। “আগামী বৃহস্পতিবার” না লিখে আসল তারিখ লিখে দিলে ভুল বোঝার সুযোগ কমে।
মূল উৎস
- OpenAI Help Center, Data controls in ChatGPT: লগইন ছাড়া “Improve the model for everyone” বন্ধ করার নিয়ম।
- OpenAI, Start using ChatGPT instantly (এপ্রিল ২০২৪): অ্যাকাউন্ট ছাড়া ChatGPT ব্যবহারের ঘোষণা। OpenAI নিজেই লিখেছে পোস্টটা পুরোনো; এখনকার পাতা স্ক্রিনশটে দেখানো হয়েছে।
স্ক্রিনশট ও ধাপ যাচাই করা হয়েছে: । AI-এর উত্তর ভুল হতে পারে। টাকা, স্বাস্থ্য, আইন বা পরীক্ষার মতো জরুরি বিষয়ে সবসময় মূল উৎস বা বিশেষজ্ঞের সাথে মিলিয়ে নিন। নিজের পাসওয়ার্ড, পিন, এনআইডি বা ব্যাংকের তথ্য কোনো AI-কে দেবেন না।







